হলি আর্টিসানে নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২২ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ১৭ জন বিদেশি ছিলেন। গতকাল সোমবার জঙ্গি হামলায় নিহতদের স্মরণে গুলশান নতুন থানার সামনে স্মৃতিস্তম্ভ ‘দীপ্ত শপথ ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শীর্ষ কর্তারা, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, নিহত পরিবারের সদস্য ও সাধারণ মানুষ।

ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার আট বছর পূর্তি হলো গতকাল। ওইদিন সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি, অতিরিক্ত আইজিপি ও স্প্রেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে র‌্যাবের ডিজি বলেন, একসময় জঙ্গিরা ডার্ক ওয়েব ব্যবহার করেছে। এজন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডেও র‌্যাবের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই, এ দেশে আর কখনো জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। অনলাইনের মাধ্যমে অল্প সময়ে বেশি মানুষকে সংক্রমিত করা যায়। এ ক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে।