‘মোদিই পুরো হিন্দু সমাজ নয়’ লোকসভায় শিবঠাকুরের ছবি নিয়ে রাহুল

ভারতের ক্ষমতাসীন বিজেপির উদ্দেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমাদের সমস্ত মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভয় দূর করার কথা বলেছেন। কাউকে ভয় দেখিও না, কাউকে ভয় পেও না। কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করে, তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলে। আপনারা হিন্দুই না।

গতকাল সোমবার (১ জুলাই) লোকসভা অধিবেশনে তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এরপরই প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলে দাবি করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়। সেইসঙ্গে তিনি জানান, সংবিধান তাকে শিখিয়েছে বিরোধী দলনেতার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

রাহুলও ছেড়ে কথা বলেননি। মোদির জবাবে বলেন, নরেন্দ্র মোদি মানেই পুরো হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস পুরো হিন্দু সমাজ নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিন লোকসভায় ভাষণ দেয়ার সময় শিবঠাকুরের একটি ছবি তুলে ধরেন রাহুল। তাতে বাধা দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, সংসদে কোনো প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই।

রাহুল বলেন, শিবজি বলেন ভয় পেও না, ভয় দেখিও না। অভয়মুদ্রা দেখান। অহিংসার কথা বলেন। মাটিতে ত্রিশূল পুঁতে দেন। আর যে লোকেরা নিজেদের হিন্দু বলে, তারা ২৪ ঘণ্টা শুধু হিংসা-হিংসা করে। আপনারা হিন্দুই নন। হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে সত্যের পথে চলতে হবে। সত্য থেকে দূরে সরে গেলে চলবে না। অহিংসা আমাদের প্রতীক।