ভুল নকশায় ব্রিজ নির্মাণ, ভাঙছে এলজিইডির সড়ক

কুমিল্লার লাকসামে ভুল নকশায় সওজের নির্মিত ব্রিজের পানির তোড়ে ভাঙছে এলজিইডির রাস্তা। ঘটনাটি ঘটেছে উপজেলার মুদাফরগঞ্জ এলাকায়। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। 

এলাকাবাসী সূত্র জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ-নাগঝাটিয়া-কাগৈয়া সড়কটি পার্শ্ববর্তী মুদাফরগঞ্জ-চিতোষী সড়কে সম্প্রতি নির্মাণ করা হয় ব্রিজ। মুদাফরগঞ্জ-নাগঝাটিয়া-কাগৈয়া সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। অপরদিকে মুদাফরগঞ্জ-চিতোষী সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। দুটো রাস্তার সংযোগ স্থলের অদূরে সওজ সম্প্রতি একটি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি খালের মুখে আড়াআড়ি না করে সোজাসুজিভাবে নির্মাণ করায় চলতি বর্ষায় স্বাভাবিক স্রোতেই অপর পাশের সড়ক ভেঙে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় আবুল হাশেম বলেন, প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে ব্রিজটি তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। অথচ একটু ভুলের কারণে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত পানির তোড়ে আরেকটি রাস্তা ভেঙে যাচ্ছে।

অটোরিকশা চালক শামীম বলেন, আমরা নিয়মিত এ সড়কে যাতায়াত করি। গত দুতিন দিন ধরে ব্রিজের পানির তোড়ে রাস্তা ভেঙে পড়ছে। এ স্থান দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। একটু অসাবধান হলেই গাড়ি নিয়ে খালে পড়তে হবে।

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মিশুক কুমার দত্ত বলেন, ভুল ডিজাইনে তৈরি করা সড়ক ও জনপথ বিভাগের ব্রিজ আমাদের রাস্তা ভাঙছে। রাস্তাটি ভাঙলে এলাকাবাসী ভোগান্তিতে পড়বে। বর্তমানে এ রাস্তা রক্ষা কঠিন হয়ে পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল বলেন, ব্রিজ নির্মাণের ডিজাইনে আমাদের ভুল হয়েছে কিনা বলতে পারছি না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।