ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন মা। ভর্তির দুঘণ্টার পর ওই নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে পালিয়ে যান তিনি।
গতকাল সোমবার (১ জুলাই) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। ভর্তির কাগজে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার নাম উল্লেখ করা হয়েছে। অভিভাবকের জায়গায় জয় লেখা রয়েছে এবং বাচ্চার নাম লেখা রয়েছে বেবি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, গতকাল সকাল ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি সদ্য ভূমিষ্ঠ মেয়ে শিশুকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন।
আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে শিশু ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। বাচ্চাটি সুস্থ আছে।
শিশু ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স বলেন, গতকাল সকালে এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। নবজাতকের মা শিশুকে হাসপাতালে ভর্তি করান। সকাল ১০টার দিকেই মাকে আর বাচ্চাটির পাশে দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিভাবক নবজাতকের কাছে আসেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঠাকুরগাঁও শিশু কল্যাণ পরিবারকে খবরটি জানান।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এই মুহূর্তে বাচ্চার একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারো কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজসহ আবেদন করেছেন। ঠাকুরগাঁও শিশু পরিবারসহ পরবর্তীতে আমরা কাগজ যাচাই-বাছাই করে যাকে দেওয়ার মতো হয় তাকে আমরা বাচ্চাটি দিব।