‘সাপ্তাহিক প্রতিচিত্র’ পত্রিকার ঈদুল আজহা সংখ্যার প্রচ্ছদে আপত্তিকর ছবি ছাপানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
এক বিবৃতিতে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘গত ১৪ জুন ২০২৪ ( ২৫ বর্ষ ৩৫ সংখ্যা) তারিখে অরুণ কুমার দে সম্পাদিত সাপ্তাহিকটির প্রচ্ছদে কোরবানির পশুর সঙ্গে কুকুরের ছবি ছাপা হয়। এমন ছবি জুড়ে দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে পত্রিকাটি। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।’
পত্রিকাটিতে ‘ঈদুল আজহার ত্যাগ ও মহিমা’ শিরোনামে এবং সম্পাদকীয়তে ‘ঈদ মোবারক ’ শীর্ষক প্রতিবেদন সন্তোষজনক হলেও প্রচ্ছদে আপত্তিকর ছবি কীভাবে ছাপা হলো তা বোধগম্য নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘কর্তৃপক্ষকে অবিলম্বে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তৌহিদী জনতা এর প্রতিবাদে সোচ্চার হতে বাধ্য হবে।’
গত ১ জুলাই এক বিবৃতিতে এ আহ্বান জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বিষয়টি দ্রুত মীমাংসা করার জন্য পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর প্রতি আহ্বান জানিয়েছেন।