আড়াই লাখ একর বনভূমি অবৈধ দখলে : পরিবেশমন্ত্রী

বন বিভাগের ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জবরদখল করা বনভূমির মধ্যে গত মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমির জবরদখল উচ্ছেদ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বনভূমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে বনায়ন করা হচ্ছে। তা ছাড়া অবশিষ্ট জবরদখল করা বনভূমি উদ্ধারে কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া ১০০ কর্মদিবস অগ্রাধিকার কর্মপরিকল্পনার মাধ্যমে ৫ হাজার একর জবরদখল করা বনভূমি পুনরুদ্ধারের জন্য উচ্ছেদ প্রস্তাব পাঠানো হচ্ছে। স্বতন্ত্র সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, সারা দেশে ৬ হাজার ৮৭৬টি ইটভাটা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২৪ জুন পর্যন্ত সারা দেশে ১৭০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬১১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫ কোটি ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২৫০টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

একই প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, সরকার বায়ুদূষণ রোধ ও কৃষিজমির মাটি ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার লক্ষ্যে সড়ক ও মহাসড়ক ছাড়া সব সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে ইটের বিকল্প হিসাবে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।