ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও পানির ন্যায্য হিস্যা না পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আপনি (শেখ হাসিনা) ভারত গেলেন এক সপ্তাহে দুবার। কী মধুর সম্পর্ক। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান। কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। পানির ন্যায্য হিস্যাটা আনতে পারেন না। বরং নতুন চুক্তি করে আমার বুকের ওপর দিয়ে রেললাইন নির্মাণে সমঝোতায় স্বাক্ষর করেন। আপনারা ব্যর্থ সরকার।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে চুক্তি, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ডাকা গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে ফারুক এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারই আজিজ আহমেদ, বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এনবিআরের মতিউরদের তৈরি করেছে বলে মন্তব্য করে জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার একেকবার এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। শেষে ছাগলকাণ্ড ঘটিয়েছে আমলাদের দুর্নীতি থেকে দৃষ্টি ফেরাতে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম। কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।