বকেয়া দাবিতে সড়ক অবরোধ

শ্রীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষ আহত অর্ধশত

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া টাকা ও ঈদের বকেয়া বোনাস আদায়ের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল মঙ্গলবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকার আনোয়ার নিট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে অবস্থান নিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর শিল্প-পুলিশ ঘটনাস্থল এলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায় আন্দোলনরত শ্রমিক ও পুলিশদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। দুপক্ষ মারমুখী অবস্থানে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পোশাক কারখানা ও মহাসড়ক এলাকা। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়। মহাসড়কে আটকাপড়া পরিবহনে থাকা যাত্রীরা ভয়ে আর উৎকণ্ঠায় সময় পার করেন।

দুই ঘণ্টা পর পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে মহাসড়ক সচল করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, পুলিশ কারখানা মালিকের পক্ষ নিয়ে অতর্কিত হামলা চালায় শান্তিপূর্ণ আন্দোলনরত শ্রমিকদের ওপর। পুলিশ এ সময় তাদের ওপর গুলি ও লাঠিপেটা করে। এতে ৫ নারী শ্রমিকসহ ৩০ শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এক বছরের ছুটির পাওনা টাকা এখনো বকেয়া পড়ে আছে। কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করে এ টাকা আটকে রেখেছে। ঈদুল আজহার অর্ধেক বোনাস আটকে রাখে কারখানা কর্তৃপক্ষ। ঈদের পর সেগুলো পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ ফের টালবাহানা শুরু করে।