হাভিয়ের মাসচেরানোর অধীনে প্যারিস অলিম্পিকে স্বর্ণ জেতার লক্ষ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সমগ্র ফুটবল দুনিয়া ও আলবিসেলেস্তে সমর্থকদের প্রত্যাশা ছিল এ দলে থাকবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কোচ মাসচেরানো এবং মেসি নিজেও বিভিন্ন সময়ে এ ব্যাপারে ইতিবাচক মন্তব্য করে এসেছেন। কিন্তু বাস্তবতার সঙ্গে প্রত্যাশা মেলেনি। আর্জেন্টিনার হয়ে আর অলিম্পিক খেলা হচ্ছে না ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী মেসির।
ঘনিষ্ঠ বন্ধু এবং যুব দলটির কোচ মাসচেরানোর কাছে নিজের অবস্থানও পরিস্কার করেছেন মেসি। বলেন, ‘আমি মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং আমরা দুজনেই সঙ্গে সঙ্গে সত্যিটা অনুধাবন করতে পেরেছি। এই মুহূর্তটা বেশ কঠিন। কোপা আমেরিকা চলছে, আমি ইন্টার মায়ামি থেকে ২-৩ মাসের জন্য বাইরে থাকবো। আর তার চেয়েও বড় কথা, এই বয়সে এসে সবকিছু খেলার জন্য আমি প্রস্তুত না। আমাকে খুব সতর্কতার সঙ্গে মুহূর্তগুলো বাছাই করতে হবে। পর পর দুটি বড় টুর্নামেন্ট খেলা আমার জন্য অনেক বেশি ঝক্কির হয়ে যাবে।’
আর বাস্তবতাও তাই। এ বছরের শুরু থেকেই কমবেশি চোটের সঙ্গে লড়তে দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও খেলতে পারেননি একই কারণে। মেসির লক্ষ্য যদি ২০২৬ বিশ্বকাপ হয়, তবে এতটুকু সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। আর্জেন্টিনা অলিম্পিক দলে ৩ সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, জুলিয়ান আলভারেজ ও জেরোনিমো রুলি।