খালেদা জিয়া, গণতন্ত্রের মুক্তি এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন একই সূত্রে গাঁথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে সরকার ভারতের সহযোগিতায় ডামি নির্বাচন করে দেশের স্বার্থবিরোধী চুক্তি করে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে।
আজ বুধবার দুপুরে জামালপুর পৌর শহরের স্টেশন রোডে জামালপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স অলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি নাকি বেআইনি ও অযৌক্তিক। অথচ আইনকে অপব্যবহার করে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে দণ্ড দূরে থাক, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাই চলে না।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্তের বেড়াজালে গৃহবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সেদেশের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক ও চুক্তির কথা উল্লেখ করে বলেন, এসব স্মারক ও চুক্তিতে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন- তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করছেন। কিন্তু প্রকৃত অর্থে তারা বন্ধুত্বের নামে দাসত্ব করছে। আর এই দাসত্বের জন্য বাংলাদেশের প্রাপ্তির ঝুড়ি শূন্য।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি নেতা লিয়াকত আলী, শহীদুল হক খান দুলাল, আহসানুজ্জামান খান রোমেল, কমান হোসেন লোটন, শাহ আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।