বিখ্যাত জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ ইদানিং স্ত্রী উল্লাকে নিয়ে অবসর সময় কাটাচ্ছেন স্পেনের শহর মালোরকাতে। আর তার অবকাশ যাপনের মধ্যে অন্যতম উপায় প্রচুর ফুটবল খেলা দেখা। দেখছেন টেনিসও। মালোরকা চ্যাম্পিয়নশিপ উপভোগ করার সময় ইউরো নিয়ে প্রসঙ্গ ওঠায় তিনি তার পছন্দের দলের নামগুলো প্রকাশ করেছেন ইএসপিএনের কাছে। এ তালিকায় সবার ওপরে আছে স্পেন।
কোয়ার্টার ফাইনালে ক্লপের জার্মানির বিপক্ষে খেলবে স্পেন। ক্লপ মনে করেন এই লড়াই স্বাগতিক জার্মানি খুব সুবিধা করতে পারবে। বলেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে স্পেন ম্যাচটি জিতে নিতে পারে।’
এর পর তিনি যোগ করেন, ‘তবে জার্মানি ও ফ্রান্সও ভালো দল। ইংল্যান্ড অবশ্যই আরও ভালো করবে।’
লুইস দে লা ফুয়েন্তের অধীনে সারপ্রাইজ প্যাকেজের মতো ফুটবল উপহার দিচ্ছে স্পেন। একমাত্র দল হিসেবে তারাই সবগুলো ম্যাচ জিতে ইউরোর কোয়ার্টারে উঠেছে। আগামী শুক্র ও শনিবার কোয়ার্টারে লড়াইয়ে নামবে ৮টি দল।