নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা ও প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জানা গিয়েছিল চলচ্চিত্র অভিনেতা শান্ত খানের প্রায় ১৫ কোটি টাকার সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের সত্যতা নিশ্চিত করতে ৫৮টি দেশি-বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে চিঠি পাঠায় সংস্থাটি।
প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তাকে দেখা যায় 'টুঙ্গীপাড়ার মিয়া ভাই' ও ‘বিক্ষোভ’ সিনেমায়।