বক্স অফিসে ৬০০ কোটি টাকা পার করে ফেলেছে নাগ আশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’। তবে বক্স অফিসের অঙ্কের বাইরেও কাল্কির আসল ম্যাজিক অমিতাভ বচ্চন। ৮১ বছর বয়সেও পর্দায় এসে হইচই ফেলে দিয়েছেন বিগ বি। সিনেমাটিতে অশ্বত্থামা লুকে দেখা গেছে অভিনেতা। সম্প্রতি সেই লুকের কিছু বিহাইন্ড দ্য সিনের ছবি প্রকাশ করেছেন এর মেকআপ আর্টিস্ট প্রীতি শিল সিং। অশ্বত্থামা লুকের এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। প্রায় তিন ঘণ্টার বেশি সময় একটানা বসে থেকে নাকি এই মেকআপ সেরেছেন অমিতাভ।
সেই ছবি শেয়ার করে প্রীতি শিল সিং লিখলেন, স্ক্রিন আইকন থেকে মহাকাব্য যোদ্ধা! অমিতাভ বচ্চন স্যারকে অশ্বথামায় রূপান্তরিত করা সত্যিই স্মরণীয় ছিল।
সিনেমাটির প্রাক-রিলিজ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন তার অশ্বত্থামা লুকের বিষয়ে বলেন, ‘এই সিনেমার শুটিংয়ের আগে মেকআপ এবং প্রস্থেটিক পরে ট্রায়াল দিতে হয়েছিল। সে সময় আমি বলেছিলাম, হে ঈশ্বর, আরেকটি প্রস্থেটিক সিনেমা করতে হচ্ছে আমাকে।’
তিনি আরও বলেন, ‘আমি এই সিনেমার আগে আরও দুটি সিনেমায় এই প্রস্থেটিক পরে কাজ করেছি। এটা খুবই বেদনাদায়ক। কিন্তু সেসব সিনেমায় কৃত্রিম জিনিস পরতে যে তিন ঘণ্টা লাগত এবং তা খুলে ফেলতে আরও দেড় ঘণ্টা লাগত, সবই সার্থক হয়েছে। যারা জানেন না তাদের জন্য, প্রস্থেটিকসের সময়, আপনাকে তিন ঘণ্টা এক স্থানে বসে মেকআপ শিল্পীর সঙ্গে সহযোগিতা করতে হবে। এটা আসলে কোনো অত্যাচার নয়, কিন্তু কিছু লোক এটাকে নির্যাতন বলে মনে করে।’