রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। আজ বৃহস্পতিবার থেকে সেখানে প্রবেশ করতে হলে ১২ বয়সের ঊর্ধ্বের মানুষকে গুনতে হবে ১০০ টাকা। এ ছাড়া ভোরে যারা শরীরচর্চা করেন তাদের বছরে গুনতে হবে ৫০০ টাকা। ইতিমধ্যে নতুন মূল্যে টিকিট বিক্রির জন্য নতুন টিকিটও ছাপিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। তবে বাৎসরিক ফি প্রদান করে শরীরচর্চার কার্ড কেউ করেছে কি না, তা নিয়ে মন্তব্য করেনি উদ্যান কর্তৃপক্ষ।
তবে আজ থেকে ১০০ টাকা প্রবেশ ফির বিষয়টি নিশ্চিত করেন উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত।
তিনি দেশ রূপান্তরকে বলেন, এখানে আমাদের সিদ্ধান্ত নেই। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমরা কেবল প্রচারণা করছি। বৃক্ষ কেবল কাঠ দেয় না। রাজধানীতে বড় অক্সিজেন ডিস্ট্রিবিউশন করে এই উদ্যান। আর এই উদ্যানের অর্থনৈতিক মূল্য আমরা মানুষ বুঝি না। এটিকে কীভাবে জাতীয় জিডিপির সঙ্গে সম্পৃক্ত করা যায় সেটি নিয়েই আমরা কাজ করছি।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সকালে ১ ঘণ্টা নির্দিষ্ট করে দেওয়া হাঁটার জন্য বাৎসরিক ৫০০ টাকা ফি দিয়ে একটি কার্ড নিতে হবে। এ ছাড়া জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশের জন্য ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে ১০০ টাকা, ১২ বছরের নিচে প্রতিজন ৫০ টাকা ফি প্রদান করতে হবে বলে প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়।