মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা : বিআইপি

বাসযোগ্যতার আন্তর্জাতিক সূচকে বরাবরই তলানিতে থাকছে রাজধানী ঢাকা। এর কারণ চিহ্নিত করে পরিকল্পনাবিদরা বলছেন, মানুষের চাপে সংস্থাগুলো সেবার ভারসাম্য রক্ষা করতে পারছে না। যার ফলে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। বৈশ্বিক মানদ- অনুযায়ী জনঘনত্ব যত হওয়ার কথা তার চেয়ে তিন-চারগুণ জনসংখ্যা এই শহর ধারণ করছে। গতকাল বুধবার বিআইপি কনফারেন্স হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘বাসযোগ্যতা সূচকে ঢাকা কেন এত পিছিয়ে’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

মূল প্রবন্ধে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, মেট্রোরেলের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন। এর জন্য মানসম্মত বাস সার্ভিস ও প্যারা ট্রানজিট সার্ভিস নিশ্চিত করা এবং হাঁটার উপযোগী ফুটপাত নিশ্চিত করতে হবে। এলাকাভিত্তিক সবার জন্য প্রবেশগম্য খেলার মাঠ-পার্ক-উদ্যান তৈরি করা এবং বিদ্যমান সুবিধাবাদীসমূহ সবার জন্য উন্মুক্ত করা দরকার।

বিআইপির সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, এলাকাভিত্তিক প্রাথমিক বিদ্যালয়, ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন গণপরিবহন নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে, ফুটপাত ও রোড নেটওয়ার্ক বৃদ্ধিতে সংস্থাগুলোকে আরও মনোযোগী হওয়ার জন্যে আহ্বান জানান।

পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হলেও, এ প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ আবু নাইম সোহাগ বলেন, ঢাকা শহরে শিশুদের মাঠ কমে যাচ্ছে, খেলার মাঠ ছাড়াই তৈরি হচ্ছে নতুন স্কুলের ভবন।

বিআইপি সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপির যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, বোর্ড সদস্য (অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, বোর্ড সদস্য (মেম্বারশিপ অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ মো ফাহিম আবেদীন প্রমুখ।