বিসিবির কোচ হলেন সাবেক তিন ক্রিকেটারদেশের ক্রিকেটাঙ্গনে যখন স্থানীয় কোচদের নিয়োগ নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। তারা হলেন- রাজিন সালেহ, তুষার ইমরান এবং তারেক আজিজ। গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তিনজনের মধ্যে রাজিন ও তুষার ব্যাটিং কোচ আর তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে।
রাজিন সালেহর সঙ্গে তিন মাসের চুক্তি করেছে বিসিবি। তার বেতন দৈনিক ৭ হাজার ৫০০ টাকা। তিনি এর মধ্যেই রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অন্যান্য ব্যস্ততা এবং পরিবারকে সময় দিতে তিনি লম্বা মেয়াদে দায়িত্ব নেননি। দেশ রূপান্তরকে রাজিন বলেন, ‘নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
তুষার ইমরান এব তারেক আজিজ- দুজনের সঙ্গেই অবশ্য ৩ বছর মেয়াদে চুক্তি করেছে বিসিবি। তাদের বেতন প্রতিমাসে ১ লাখ ৩০ হাজার টাকা। এর আএ দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাসিক ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।