বীর মুক্তিযোদ্ধাই বললেন, সন্তান-নাতিদের জন্য ৩০ শতাংশ কোটা অযৌক্তিক

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত উল্লেখ করে মুক্তিযোদ্ধা কোটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন একজন মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার (৪ জুলাই) কোটা আন্দোলনের চতুর্থ দিন দুপুরে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে শাহবাগে অবস্থান নিয়েছে। তাদের মতে মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক। আবার মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এই কোটা যৌক্তিক। তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, মুক্তিযোদ্ধার সন্তান-নাতিদের জন্য ৩০ শতাংশ কোটা যৌক্তিক নয়। তাই সেই কোটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।

এ সময় তিনি মুক্তিযোদ্ধা কোটা ১০-১৫ শতাংশ করার কথা জানালে শিক্ষার্থীরা সমস্বরে ‘মানি না, মানি না’ বলে প্রতিবাদ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি হয়ে বেলা সোয়া ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়।