ভারতে স্কুলশিক্ষার্থীদের দেওয়া দুপুরের খাবার নিয়ে বিভিন্ন সময় বিতর্কের সৃষ্টি হয়েছে। খাবারের মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আবার কখনও নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা হয়েছে অসুস্থ। তবে সাম্প্রতিক এক ঘটনা এসব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার শিক্ষার্থীদের খাবারে মিলেছে মৃত সাপ।
ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার পশ্চিমাঞ্চলে সরকার কর্তৃক পরিচালিত একটি নার্সারি স্কুলে শিক্ষার্থীদের দুপুরের খাবারে ছোট মৃত সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই নার্সারি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক সোমবার (১ জুলাই) এমন অভিযোগ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, স্কুলটির ৩ বছর বয়সী শিক্ষার্থীরা গত ছয় মাস ধরে দুপুরে ডাল মিশ্রিত খিচুড়ি পেয়ে আসছে। তবে বিপত্তি বাধে গত সোমবার। ওই দিন স্কুলটির কর্মীরা শিক্ষার্থীদের খাবার দিতে গেলে তার মধ্যে একটি মৃত ছোট সাপ পাওয়ার অভিযোগ করে শিক্ষার্থীদের বাবা মা।
এ ঘটনায় সাংলি জেলা পরিষদের উপ-প্রধান নির্বাহী অফিসার সন্দীপ যাদব এবং খাদ্য নিরাপত্তা কমিটি ওই স্কুলটি পরিদর্শন করেন। যে খাবার প্যাকেটে মৃত সাপ পাওয়া গেছে সেটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের সহ-সভাপতি আনন্দি ভোসেল বলেন, বিষয়টি নিয়ে জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।