আইসিসির র্যাঙ্কিং মাঝেমধ্যে মজার মজার কিছু তথ্য দেয়। যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজার থেকে এগিয়ে আছেন বিরাট কোহলি! অথচ কোহলি শেষ আট বছরে মাত্র একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল করেছেন। বিশ্বকাপ শেষে দুজনেই অবসর নিয়েছেন। কিন্তু কোহলি কীভাবে জাদেজার ওপরে আসতে পারেন?
ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া এখন টি-টোয়েন্টির এক নম্বর অল-রাউন্ডার। তার রেটিং পয়েন্ট ২২২। বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান ২০৬ পয়েন্ট নিয়ে আছেন পাঁচে। অথচ অল-রাউন্ডার না হয়েও ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে আছেন কোহলি। আর জেনুইন অল-রাউন্ডার জাদেজা ৪৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮৬ নম্বরে! জাদেজা কীভাবে কোহলির পরে যেতে পারেন- এটা নিয়েই উঠেছে প্রশ্ন।
আসলে এর নেপথ্যে আছে আইসিসির রেটিং প্রক্রিয়া। ক্রিকেটারদের ব্যাটিং এবং বোলিং পয়েন্টকে গুণ করে সেটাকে ১০০০ দিয়ে ভাগ করা হয়। কোনো ক্রিকেটারের ব্যাটিং পয়েন্ট যদি ৮০০ হয় এবং বোলিং পয়েন্ট যদি ০ হয়, তাহলে তিনি এই তালিকায় থাকবেন না। কারণ তিনি বল করেন না বলেই ধরা হবে। কারও যদি ৬০০ ব্যাটিং এবং ২০০ বোলিং পয়েন্ট থাকে তার রেটিং হবে ১২০।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার শেষ করা কোহলির ব্যাটিং পয়েন্ট এবং বোলিং পয়েন্ট মিলিয়ে যা হয়েছে, সেটা জাদেজার চেয়ে বেশি ছিল। রানের দিক দিয়েই কোহলি জাদেজার থেকে এগিয়ে গেছেন। কোহলি ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪১১৮ রান করেছেন এবং ৪ উইকেট নিয়েছেন। জাদেজা ৭৪ ম্যাচে ৫১৫ রানের পাশাপাশি নিয়েছেন ৭৪টি উইকেট। পরের হালনাগাদ র্যাঙ্কিংয়েই হয়তো দুইজনেই তালিকার বাইরে চলে যাবেন।