রাজধানীর মিরপুরের পল্লবীতে জুবায়ের (৮) নামের এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবা সেলিমকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগর এলাকায় জুবায়ের তার বাবা সেলিম মিয়ার সাথে থাকত। তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে বাবা সেলিম তাকে মারধর করেন। এই মারধরের কারণে রাতেই সে অসুস্থ হয়ে পড়ে। তবে তাকে চিকিৎসার জন্য কোথায় নেয়নি। তবে প্রতিবেশীদের চাপের মুখে শিশুটিকে বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান সেলিম। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় শিশুটি।
তিনি আরও জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জুবায়েরের মৃতদেহ উদ্ধার করে পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনাটির বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। ঘাতক সেলিম পেশায় তেমন কিছু করতেন না। তাদের বাড়ি নরসিংদীর সদর উপজেলা।