আপনার জিজ্ঞাসা

মাগরিবের ফরজের আগে নফল আদায়

মারুফ আহমদ, গাজীপুর

প্রশ্ন : মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে নফল নামাজ পড়ার বিধান কী? এ বিষয়ে একজনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পড়া যাবে। কেননা কতিপয় সাহাবি পড়েছেন। অন্য একজনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ সময় নামাজ আদায় করলে মাকরুহে তানজিহির সঙ্গে আদায় হবে। কেননা হাদিসে এমনটি পাওয়া যায় না। এখন আমার জানার বিষয় হলো, মাগরিবের আজানের পর নফল নামাজ পড়া যাবে কি না?

উত্তর : মাগরিবের আজান ও ইকামতের মধ্যে মুস্তাহাব পর্যায়ের কোনো নামাজ নেই। হানাফি মাজহাবের পূর্ববর্তী ফকিহদের মতে এ সময় নামাজ পড়া মাকরুহে তানজিহি তথা অনুত্তম। এ সময় হজরত রাসুলুল্লাহ (সা.) কোনো নামাজ পড়েছেন, এ রকম সুস্পষ্ট কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না। চার খলিফাসহ অধিকাংশ সাহাবায়ে কেরাম এ সময় কোনো নফল নামাজ পড়তেন না এবং এ সময় নফল নামাজের বিশেষ কোনো ফজিলতও হাদিসে বর্ণিত নেই। অন্যদিকে আজানের পর বিলম্ব না করে দ্রুত মাগরিবের নামাজ পড়ার কথা অন্যান্য হাদিসে এসেছে। তাই এসব বিষয়ের ওপর ভিত্তি করে ফকিহরা উক্ত নফল নামাজকে মুস্তাহাব পর্যায়ের আমল হিসেবে গণ্য করেননি। তবে মনে রাখতে হবে, এটি একটি শাখাগত মাসয়ালা। এতে ভিন্ন মতও রয়েছে। কোনো কোনো সাহাবি এ সময় নামাজ পড়েছেন, এটিও প্রমাণিত আছে। তাই অন্য মাজহাবের কাউকে এ সময় নামাজ পড়তে দেখলে নিষেধ করা ঠিক হবে না। (ইলাউস সুনান ২/৬৮)