প্রয়াত ১০৫ বিচারপতি আইনজীবীকে স্মরণ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রয়াত বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) প্রয়াত সদস্যদের স্মরণে ফুল কোর্ট রেভারেন্স (শ্রদ্ধা) সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসে (প্রধান বিচারপতির আদালত) এ সভা হয়। এতে ২০২২ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রয়াত ৬ জন বিচারপতি ও ৯৯ জন আইনজীবীর আত্মার মাগফিরাত কামনায় সভা শেষে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

সভার আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারক এজলাসে তাদের আসনে বসেন। একই সঙ্গে হাইকোর্টের সব বিচারক এজলাসে বসে সভায় অংশ নেন। বিপুলসংখ্যক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। প্রথমে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সংক্ষিপ্তাকারে প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন বিচারপতি ও আইনজীবীদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।