ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত রাজু মিয়া উপজেলার গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, গতরাত আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তের ৩৭৬ এর ৫এস নম্বর পিলার এলাকায় দিয়ে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এরপর ঘটনা নিশ্চিত হওয়া যাবে।