স্ট্রোক করে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

গুরুতর অসুস্থ হয়েছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। আধ ঘণ্টা আগে ভর্তি করা রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে।

নাফিসের অসুস্থতার খবর দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

তিনি বলেছেন, ‘নাফিসের ব্রেন স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। আপাতত তার জ্ঞান আছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বাকি পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন।’

৩৯ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

ওয়ানডে অভিষেকটা ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটিই নাফিস ইকবালের শেষ ওয়ানডে। শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। চোটের কারণে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস। ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন, পরে তাকে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার করা হয়।