ইউরোর শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করে মাত্রাতিরিক্ত উদযাপন করে শাস্তি পেয়েছেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকাকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি এক ম্যাচেরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সেটা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তারকার শাস্তির বিষয়টি জানিয়েছে উয়েফা। আচরণবিধি ভঙ্গের দায়ে ইউরোপিয়ান টুর্নামেন্টের এক ম্যাচে নিষিদ্ধ এবং ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তাকে। তবে এখনই কার্যকর করা হচ্ছে না এই নিষেধাজ্ঞা। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন এই তারকা।
শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে সেরা আটের লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড।
গত রবিবার স্লোভাকিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই ইংল্যান্ডকে পেছনে ফেলে স্লোভাকিয়া। পুরো ৯০ মিনিটে ওই একটি গোল পরিশোধ করতে পারেনি শক্তিশালী ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের খেলায় দুর্দান্ত এক গোলে ইংলিশদের সমতায় ফেরান বেলিংহাম।
গোলের পর দৌড়ে গিয়ে দুই হাত প্রসারিত করে নিজের স্বাভাবিক উদযাপন করেন বেলিংহাম। বাকি খেলোয়াড়রাও এসময় যোগ দেন তার সঙ্গে। তবে খেলোয়াড়রা আবার মাঠে ফেরার পথে নিজের ডান হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বেলিংহাম। ধারণা করা হচ্ছে, স্লোভাকিয়ার ডাগআউটের দিকে ইশারা করে এমন অঙ্গভঙ্গি করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
নিজের ওই অঙ্গভঙ্গির ব্যাখ্যাও পরে দিয়েছিলেন বেলিংহাম। ম্যাচের পর জানিয়েছিলেন, মাঠে থাকা তার বন্ধুদের উদ্দেশ্য করে তিনি এটা করেছিলেন। তবে এতে ছাড় মেলেনি। শাস্তি তবুও পেতে হয়েছে তাকে।