দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

চলছিল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে লড়াইটাও জমেও উঠেছিল আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। ঠিক তখনই মাথা ঘুরে পড়েন যান জিয়া। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি তাকে।

দাবা খেলতে খেলতেই না ফেরার দেশে চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া। শুক্রবার জাতীয় দাবা প্রতিযোগিতায় খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আরবির্টেরটর হারুন অর রশিদ দেশ রূপান্তরকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে জিয়ার বয়স হয়েছিল ৫০ বছর।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। ছবি: মুসাহো মুকুল

দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। তবে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। হাসপাতালে এসে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি চেয়েছিলেন স্কয়ার হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু সেই সুযোগ আর পাননি তিনি।

গ্র্যান্ডমাস্টার জিয়ার মুত্যতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণে।

১৯৭৪ সালে জন্ম নেয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫৭০ ফিদে রেটিংও তার। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।