রক্তাক্ত মায়ের পাশে পড়েছিল দা, ছেলেকে পুলিশে দিল স্থানীয়রা

কুমিল্লা লাকসামে ছেলের কোপে নুরু জাহান বেগম নামের ৯০ বছরের এক বৃদ্ধ মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার হত্যাকারী মানসিক ভারসাম্যহীন ছেলে আসাদুজ্জামান বাহারকে (৫০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে উপজেলার উত্তর এলাইস গ্রামের এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বৃদ্ধ মা নুরু জাহান বেগম বসত ঘরে বসে ছিলেন। হঠাৎ মানসিক ভারসাম্যহীন ছেলে আসাদুজ্জামান বাহার রান্নাঘর থেকে দা নিয়ে এসে মাকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হানিফ সরকার বলেন, আসাদুজ্জামান বাহার দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। শুক্রবার বিকেলে হঠাৎ দা নিয়ে তার বৃদ্ধ মাকে কোপায় পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।