শেষ ষোলোতে তুরস্কের জয়ের নায়ক ছিলেন মেরিহ দেমিরাল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর ৫৭ সেকেন্ডে গোল করার পর দ্বিতীয়টি করেছিলেন ৫৯ মিনিটে। তখন গোল উদযাপনের সময় 'অনুপযুক্ত আচরণ' করায় দেমিরালকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে দেমিরালকে ছাড়াই আগামীকাল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে তুরস্ক।
৫৯ মিনিটে গোলটি করার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে একটি প্রতীক তৈরি করতে দেখা যায় তাকে। যা তুরস্কের উগ্র-জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কিত। যারা ‘গ্রে উলভস’ নামে পরিচিত।
এই উদযাপনের প্রতিক্রিয়ায় নিন্দা জানান খোদ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজার। তিনি বলেন, ‘তুরস্কের উগ্র ডানপন্থীদের প্রতীক আমাদের স্টেডিয়ামে দেখতে চাই না।’
তবে দেমিরালের ওই অঙ্গভঙ্গিকে দেশ প্রেমের একটি স্বাভাবিক অভিব্যক্তি হিসেবে সমর্থন দিয়েছেন তুরস্কের সরকার। কিন্তু উয়েফার চোখে এটি শাস্তি যোগ্য আচরণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বহাল ছিল দেমিরালের নিষেধাজ্ঞা।
তুরস্ক এর আগে ২০০৮ সালে খেলেছে ইউরোর সেমিফাইনাল। ১৬ বছর পর আবারও তারা দেখছে সেমির স্বপ্ন। তবে কাজটি সহজ হবে না তুর্কিদের জন্য। নেদারল্যান্ডস শেষ ষোলোতে দারুণ খেলেছে। রোমানিয়াকে তারা হারায় ৩-০ গোলে। দুই দলের ফুটবল শক্তির বিচারে কাগজে-কলমে এগিয়ে আছে নেদারল্যান্ডস।
তবে নেদারল্যান্ডস-তুরস্ক পরিসংখ্যানের দিকে তাকালে আশা দেখতে পারেন তুর্কি সমর্থকরা। ডাচদের বিপক্ষে ১৪ ম্যাচের ৪টি জিতেছে তারা। হেরেছে ৬টি, ড্র হয়েছে ৪ ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ তিন দেখায় দুটিতে জিতেছে তুরস্ক।