মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নির্বাচন ও তার পদ নিয়ে আইন-আদালত পর্যন্ত গড়ালেও তিনি আইনিভাবেই দায়িত্ব ফিরে পান। ঈদে চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এটা নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে। ডিপজলের সঙ্গে চলচ্চিত্র ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন মাহতাব হোসেন
শিল্পী সমিতির দায়িত্ব পেলেন, কী পরিকল্পনা করছেন?
মাত্র দায়িত্ব পেলাম। এর আগেও বলেছি, আমি চলচ্চিত্রের উন্নয়ন করতে চাই। আমাদের সিনেমা হল সংস্কার করা দরকার। সেদিকে নজর দিতে হবে। সময়ের সঙ্গে দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক মাল্টিপ্লেক্স বানাতে চাচ্ছি। আমার ইচ্ছে রয়েছে, সারা দেশে মানে জেলায় জেলায় মাল্টিপ্লেক্স বানাব। যেখানে অল্প খরচে মানুষ সিনেমা দেখতে পারবে। আমাদের ভাবতে হবে দেশের স্বল্প আয়ের মানুষের বিনোদন প্রয়োজন, তাদের কথা মাথায় রেখে আমি পরিকল্পনা করছি।
আর আপনি নিজেও সিনেমা বানাচ্ছিলেন...
হ্যাঁ। আমি বেশ কিছু সিনেমা বানিয়েছি। এখন মুক্তির অপেক্ষায় তিনটি সিনেমা আছে। সেসব শিগগির মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাগুলোর মুক্তির পরিকল্পনা চলছে। আর নতুন তিনটা বিগ বাজেটের সিনেমা বানাব। যেহেতু বিগ বাজেটের সেহেতু বড় তারকা নিয়ে সিনেমা নিয়ে পরিকল্পনা করেছি। এর মধ্যে সিঙ্গাপুর যাব চিকিৎসার জন্য। ফিরেই কাজ শুরু করব।
বড় তারকা মানে, কাকে নিয়ে বানাতে চান?
শাকিব খানকে নিয়ে দুটি সিনেমার পরিকল্পনা করছি। শাকিব তো এ সময়ের সবচেয়ে সেরা নায়ক। তাকে নিয়ে আমার সিনেমায় কাজ করতে চাই। এর মধ্যে দুটি গল্প আমি প্রস্তুত করেছি। এই দুটি গল্প নিয়ে শাকিবের সঙ্গে বসব। কিন্তু তার আগে আমি সিঙ্গাপুর থেকে ঘুরে আসি। এখন ভিসার অপেক্ষায় আছি। ভিসা পেলেই চলে যাব। তবে মোট তিনটা ছবি বানাব এগুলো হবে বিগ বাজেটের ছবি।
সিঙ্গাপুর কেন?
ওহ বলা হয়নি। আমার চোখে বেশ ভালো ধরনের সমস্যা। আমার বাম চোখে আমি দেখতে পাই না। আর ডান চোখেও অনবরত পানি ঝরে। আমি এরই মধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ডাক্তার দেখিয়েছি। কিন্তু কোনো উপকার পাইনি। এখন খুব বিপদে আছি। সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাব, আমার জন্য দোয়া প্রয়োজন। ভক্তদের দোয়া চাই।
কদিন আগে শিল্পী সমিতিতে বেশ কিছু টাকা দিলেন, এটা নিয়ে আলোচনা-সমালোচনা হলো...
আমার টাকা আমি দিয়েছি, এতে সমালোচনা না আলোচনা হলো তা আমার দেখার বিষয় নয়। আমি দিয়েছি তো ওরা নিল কেন? আমাদের শিল্পীরা আছেন, যারা নিয়েছেন কিংবা যাদের দিয়েছি তারা কিন্তু সমালোচনা করেননি। সাধারণ শিল্পীদের আমি যদি কিছু দিই তাহলে এটা নিয়ে কথা হবে কেন? কিছু মানুষ আছেন, যারা সমালোচনাই করেন। এরা ভালো কাজকে ভালো বলতে পারেন না। আমি এসব নজর দিই না।
জায়েদ খানের সঙ্গে আপনার ভালো সম্পর্ক, এর কারণ কী?
জায়েদ খান আমার ছোট ভাইয়ের মতো। আমাকে খুব ভালোবাসে। আমিও তাকে পছন্দ করি, স্নেহ করি। ছেলেটা খুবই ভালো, আমি তাকে যতদূর দেখেছি, তার মধ্যে কোনো জটিলতা নেই। এজন্যই ভালো লাগে ওকে।