দেশের সিকিউরিটি ভারতের হাতে চলে গেছে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার ভারতের সঙ্গে স্যাটেলাইট চুক্তি করেছে।

ভারতের স্যাটেলাইট এখন বাংলাদেশের যেকোনো জায়গায় তদন্ত তদারকি করতে পারবে। আমার দেশের সিকিউরিটি ভারতের হাতে চলে গেছে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বাংলাদেশের স্বার্থবিরোধী ও নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারকের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভারত তথাকথিত সিকিউরিটির নামে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না।

১৫ বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকেই ক্ষমতায় রাখার চেষ্টা করে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করছে না। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার তো ভারতকে ট্রানজিট দেয়নি, সরকার সরাসরি করিডর দিয়ে দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেন মালবাহী ট্রেনও হতে পারে। ট্রেনের মধ্যে কী থাকবে আমরা সেটা জানি না। বাংলাদেশের বুকের ওপর দিয়ে খাদ্যপণ্য, অস্ত্র নাকি ভারতীয় সেনাবাহিনী যাবে, তা স্পষ্ট করে জানতে চায় জনগণ।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীনরা ভারতকে সব তুলে দিচ্ছে সরকার। বাংলাদেশের জন্য কথা বলার মতো কোনো সরকার নেই।’

সরকার দেউলিয়া বলে জোর করে শিক্ষকদের ওপর প্রত্যয় স্কিম চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ গণতন্ত্র মঞ্চের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা।