নাহ, হলো না। টনি ক্রুসের ইউরো জেতা আর হলো না। মহাদেশীয় এই শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফের জার্মানির জার্সি পরেছিলেন ক্রুস। কিন্তু স্পেনের কাছে হেরে জার্মানির বিদায়ের সাথে সাথে শেষ হয়ে গেল ক্রুসের ফুটবল ক্যারিয়ার। সেইসঙ্গে শেষ হয়ে গেল ক্রুস এবং তার দলের শিরোপা স্বপ্ন।
ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক জার্মানি। জাতীয় দলের হয়ে ১১৪টি ম্যাচ খেলা ক্রুস বিদায়বেলায় সাংবাদিকদের জানান, “জয়ের খুব কাছে ছিলাম আমরা। তাই হারের স্বাদটা বেশি তেতো লাগছে। আমাদের লক্ষ্য ছিল ইউরো জয়। সেটা শেষ হয়ে গেল। আমাদের জন্যও টুর্নামেন্ট শেষ হয়ে গেল। আমাদের স্বপ্ন ভেঙে গেল।”
ইউরোতে শুক্রবারের আগ পর্যন্ত জার্মানি আর স্পেন অপরাজিত ছিল। দুই দলের মুখোমুখিতে একদলকে হারতেই হতো। শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো ক্রুসদের, “আমরা নিজেদের সবটুকু দিয়ে খেলেছি। কিন্তু বিদায় নিতে হচ্ছে। আমাদের সব পরিশ্রম ব্যর্থ। তবে এই টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। আগের চেয়ে উন্নতি করেছি এবং এটা নিয়ে আমরা গর্বিত। জার্মানির ফুটবলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে দল আরও ভাল খেলবে।”