গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৭, মৃতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার

নয় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। একের পর এক গণহত্যা চলাইয়ে যাচ্ছে দেশটির দখলদার বাহিনী।

গাজার মেডিকেল কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আরবি জানিয়েছে যে, শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এলাকাটির অন্যান্য শহরেও অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ছাড়ালো ৩৮ হাজার। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা ও আগ্রাসনে কমপক্ষে ৩৮ হাজার ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অর্ধেকের বেশি।

এছাড়া ৯ মাসেরও বেশি সময় ধরে চলা এ আগ্রাসনে আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে গাজার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণে রাফাহ শহরে হামলার পাশাপাশি উত্তর গাজা, পশ্চিম তীর, রামাল্লাহতে অনবরত হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে দেশটি। এছাড়া বুরেজ, জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।