৫০০ নৃত্যশিল্পীর পরিবারের পাশে দাঁড়ালেন রাম চরণ

মানবিক কাজের জন্য বরাবরই প্রশংসিত দক্ষিণের অন্যতম সুপারস্টার রাম চরণ। সম্প্রতি মানবিক কাজে আবারও শিরোনামে এলেন এই অভিনেতা। ৫০০ নৃত্যশিল্পীর পরিবারের পাশে দাঁড়ালেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস বলছে, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ নৃত্যশিল্পীর পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন। খবরটি জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার। রাম চরণ এবং উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানিয়ে এক পোস্ট লিখেছেন, ‘কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তারাই ঈশ্বর। মনে আছে ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা।’

তিনি আরও লিখেছেন, ‘৫০০ জন ড্যান্সার এবং তাদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তারা। শুধু কথা রাখাই নয়, প্রত্যেকটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার এবং আমাদের সকলের হৃদয়ে সব সময়ে থাকবে। তাদের কাছে কৃতজ্ঞ থাকব চিরকাল।’

রামচরণকে সর্বশেষ দেখা গেছে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাতে। মুক্তির অপেক্ষায় রয়েছে এস শংকরের পরিচালিত ‘গেম চেঞ্জার’। এতে রাম চরণের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।