খাল পরিস্কার করলেন মেয়র, ভিডিও কলে দেখলেন আইনমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখল উচ্ছেদ ও পরিছন্নতা কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা। পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল নিজে খালে নেমে ময়লা পরিস্কারের কাজে অংশ নেন। এ সময় মেয়রের সঙ্গে অংশ নেন ২০০ স্বেচ্ছাসেবক।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় পৌর শহরের মসজিদ পাড়া এলাকার ফায়ার সার্ভিস স্টেশন থেকে এ কার্যক্রম শুরু হয়। ফায়ার সার্ভিসের সামনে থেকে আখাউড়া-আগরতলা সড়ক পার হয়ে খালাজোড়া এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে সীমান্ত পার হয়ে আসা সাইনধারা নদীতে মিলিত হয়েছে। বর্তমানে খালটি খালাজোড়া এলাকায় সাইনধারা নদী পর্যন্ত ৮ জন দখলদার দখল করে খালের চিহ্ন মুছে দিয়েছে।

এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক খাল পরিস্কার কাজে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান। মেয়র মো. তাকজিল খলিফা মন্ত্রীকে খাল দখলসহ বর্তমান অবস্থার কথা জানালে মন্ত্রী আগামী ১২ জুলাই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

মসজিদ পাড়ার স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন, জুবায়ের আহমেদ ও আসিফুর রহমান সুমন বলেন, খালটি দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলে জলাবদ্ধতায় ভুগছিলাম। আমাদের দাবি ছিল খালটি পরিস্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা। আজ পৌর মেয়র নিজে খাল পরিস্কারের কাজ শুরু করায় আমরা আনন্দিত।

পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, দখল-দূষণে পৌরসভায় জলাবদ্ধতা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। যেকোনো মূল্যে আমরা পৌর শহরের সকল খাল সচল করব। মাননীয় আইনমন্ত্রী নিজে এসে এগুলো দেখে যাবেন বলে জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল হক চৌধুরী ইমরান, এনামুল হক খাদেম, সংরক্ষিত নারী কাউন্সিলর মিলি, সড়ক বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক বাবুল পারভেজ প্রমুখ।