সিরাজগঞ্জ প্রতিনিধির শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় শনিবার দুপুরে নৌকা ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বন্যার পানিতে শখের বসে নৌকায় বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহজাদপুর দ্বরিয়াপুর বাজার মহল্লার আলমের ছেলে শাহজাদপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র সজল (২০) ও একই মহল্লার তৌহিদের ছেলে শাহজাদপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় (১৮)।
এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লার।
জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বন্যার পানিতে ডুবন্ত রেশমবাড়ি গ্রামের লো-হাইড পাকা সড়কে গোসলের উদ্দেশ্যে যান ১০ বন্ধু ও স্বজনরা। সড়কটি পোতাজিয়ার বাজারপাড়া পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা ছোট নৌকা ভাড়া করেন। পথে নৌকাটি পোতাজিয়া কালীবাড়ির যদুর জোলা এলাকায় পোঁছলে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। এ সময় যারা সাঁতার জানেন তারা তীরে উঠতে সক্ষম হন। বাকিরা ডুবে যান।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খোরশেদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, খবর পেয়ে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনও সেখানে অবস্থান করছে। এ বিষয়ে নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।