পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব মৃধা (৩৮) নামের এক যুবকের ডানহাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আকাশ খান ও তার লোকজনের বিরুদ্ধে। বিপ্লব মৃধা সদর উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কিছু দিন আগে আকাশকে কুপিয়ে আহত করে বিপ্লবের লোকজন। সেই ঘটনার প্রতিশোধ নিতে শনিবার বিপ্লবকে চরমুগুরিয়া মহাবিদ্যালয়ের পাশে ডেকে নিয়ে যায় আকাশের লোকজন। পরে তারা বিপ্লবকে কুপিয়ে ডানহাত বিচ্ছিন্ন করে।

আহত বিল্পবের স্ত্রী লাবন্য আক্তার বলেন, আকাশ খান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এর কঠিন বিচার চাই।

জেলার আড়াই শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিল্পব মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই পালিয়ে গেছে। একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।