এক জয় আর দুই ড্র, তাতে কোনোরকমে গ্রুপ পর্বের বৈতরণী পাড় করে ব্রাজিল। দ্বিতীয় সেরা হয়ে জায়গা করে কোয়ার্টার ফাইনালে। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালি উরুগুয়ে। প্রথম পর্বে দলের পারফরম্যান্সই বলে দেয় সেলেসাওরা এসেছে ম্যাড়মেড়ে একটি দল নিয়ে। আর কোনো ম্যাচ না হেরে দাপটের সঙ্গে শেষ আটে উঠে আসেন লুইস সুয়ারেজরা। তাই শঙ্কা উঁকি দিচ্ছে, দরিভাল জুনিয়রের শিষ্যরা কি বিয়েলাসার সৈন্যদের হারাতে পারবে!
ব্রাজিল পাঁচবার বিশ্বকাপের শিরোপা জিতেছে বলে নিজেদের ফেভারিট দাবি করতেই পারে। তবে উরুগুয়ে দুইবার বিশ্বজয়েল পাশাপাশি ১৪ বার জিতেছে কোপা আমেরিকার শিরোপা। টুর্নামেন্টে ও সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের পরিসংখ্যান ঘেটে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ফেভারিট ধরা হচ্ছে উরুগুয়েকে। নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে উরুগুয়েকে ফেভারিট বিবেচনা করার আরও কয়েকটি কারণ আছে।
ভিনির অনুপস্থিতি
নেইমার না থাকায় ভিনিসিউস জুনিয়রই এ টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার পাত্র। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে টানা দুই কার্ড দেখায় রবিবার সকাল ৭টায় উরুগুয়ে ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফেভারিটের দাড়িপাল্লায় উরুগুয়েকে এটা অনেকটাই ভারি করেছে।
উরুগুয়ের শক্ত কম্বিনেশন
নিশ্চিতভাবেই ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রপ্তানিকারক বাজার। জাতীয় দলেও তাদের বড় বড় ফুটবলার। কিন্তু কম্বিনেশনের বিচারে এই মুহূর্তে উরুগুয়েকে তাদের চেয়ে এগিয়েই রাখতে হয়! ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাওহো, উগার্তে, সুয়ারেজ, বেনটাঙ্কুরদের সমন্বয়ে দারুণ দল তারা। সে তুলনায় বিশ্বমানের ভিনি, রদ্রিগোরা ব্রাজিলের খেলা জমিয়ে তুলতে পারছেন কই!
সাম্প্রতিক পারফরম্যান্স
সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে উরুগুয়ে ব্রাজিলের তুলনায় এগিয়ে। সবশেষ ১০ ম্যাচে লুইস সুয়ারেজদের জয় ৭টি। হার মাত্র ১টি। ড্র হয়েছে ২ ম্যাচ। ৭ জয়ের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলকেই হারিয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল সবশেষ ১০ ম্যাচের মধ্যে হেরেছে ৩টিতে। জয়ও ৩টি। ড্র ৪ ম্যাচে।
বিয়েলসার কৌশল
বছর বছর ধুঁকতে থাকা উরুগুয়ে মূলত মার্সেলো বিয়েলসার অধীনেই বদলাচ্ছে। আর্জেন্টাইন এই কোচের দিকনির্দেশনায় ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে তারা। বিয়েলসা কেমন, সেটা তো জানারই কথা। বিশ্বসেরা কোচ পেপ গার্দিওলা স্বয়ং তার ফ্যান। সে তুলনায় কিছুদিন আগেই ব্রাজিলের দায়িত্ব নেয়া দরিভাল জুনিয়র এখনও দলটাকে গুছিয়ে তুলতে পারেননি।