রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন সংস্কার দরকার বলে মনে করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
এ ব্যাপারে উপাচার্য বলেছেন, এই হাসপাতাল চালু করতে হলে আইনগতভাবে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। এই হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংযুক্ত করা, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ দেওয়াসহ অপরিহার্য কার্যক্রম বাস্তবায়ন করতে হলে বিশ্ববিদ্যালয়ের জন্য বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।
গতকাল শনিবার বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্ট-এর ৩২তম জাতীয় সম্মেলনে সাংবাদিকদের উপাচার্য এসব কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের কোনো যন্ত্রপাতিই এখন পর্যন্ত নষ্ট হয়নি। তাই এটা নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি বলেন, অ্যানেসথেশিওলজিস্ট ও প্যাথলজিস্টরা পর্দার আড়ালে থেকে কাজ করেন বলেই তাদের বিষয়টা মানুষ সেভাবে জানতে পারে না। কিন্তু ফিজিশিয়ান্স ও সার্জনদের মাধ্যমে রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রোগ নির্ণয়সহ প্রয়োজনীয় সহায়তায় অ্যানেসথেশিওলজিস্ট ও প্যাথলজিস্টদের ভূমিকা অপরিহার্য।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এ এন নাসিম উদ্দিন আহমেদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সম্মেলনে অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মোকাররম আলী, সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. রেজাউল করিম দেওয়ান ও অর্গানাইজিং কমিটির মেম্বার সেক্রেটারি অধ্যাপক ডা. দেবতোষ পাল বক্তব্য রাখেন।
সম্মেলনে দ্বিতীয় পর্বে বৈজ্ঞানিক অধিবেশনে বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, সাবেক ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।