পিজিআর সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের নির্দেশ

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্রথম দিন) পালিত হয়। ১৯৭৫ সালের ৫ জুলাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় পিজিআর। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পিজিআর কমান্ডার।

রাষ্ট্রপতি পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে দরবারে বক্তব্য  দেন। তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর