সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া কালীবাড়ি যদুর জোলায় নৌকা ডুবে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষার্থীর মৃত্যু ও আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ও অসুস্থরা সবাই শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লার বাসিন্দা ও স্কুল-কলেজের ছাত্র।
বন্যার পানিতে শখের বসে নৌকায় বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দ্বরিয়াপুর বাজারপাড়া মহল্লার শাহ আলমের ছেলে ও শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সজল (২০) এবং একই মহল্লার তৌহিদের ছেলে ও শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় (১৮)। অসুস্থরা হলো একই এলাকার বাবু শেখের ছেলে ও দশম শ্রেণির ছাত্র শাহেদ আলী (১৭), মনি প্রামাণিকের ছেলে ও দশম শ্রেণির ছাত্র নিরব (১৭), মিজুনুরের ছেলে নবম শ্রেণির ছাত্র রোহান (১৬), নুরুজ্জামানের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র জোবায়ের (১৫), নবম শ্রেণির ছাত্র প্রাইজ (১৬), মো. আলীর ছেলে ও অনার্স প্রথম বর্ষের ছাত্র রোহিত (২০), তার ভাই ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়েদ আলী (১৪) ও পাবনা শহরের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আপন (২০)। এই নৌকা ডুবিতে বেঁচে যাওয়া দশম শ্রেণির ছাত্র শাহেদ আলী ও নিহতদের স্বজনদের কাছে থেকে জানা যায়, সকাল ৯টার দিকে বন্যার পানিতে ডুবন্ত রেশমবাড়ি গ্রামের লো-হাইড পাকা সড়কে গোসলের উদ্দেশে ১০ বন্ধু ও স্বজনরা বাড়ি থেকে বের হয়। ওই সড়কটি পোতাজিয়ার বাজারপাড়া পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা ওই এলাকায় নৌকায় বেড়ানোর জন্য একটি ছোট নৌকা ভাড়া নিয়ে সামনে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পর নৌকাটি পোতাজিয়া কালীবাড়ি যদুর জোলা এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। এ সময় যারা সাঁতার জানে তারা তীরে উঠতে সক্ষম হয়।