ব্রাজিলকে সবসময় উঁচুতে রাখতে চাই: এনদ্রিক

উরুগুয়ের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ব্রাজিলের পারফরম্যান্স। মাঠের খেলা দেখে মনেই হচ্ছিল না, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ৯বারের কোপা শিরোপাধারীরা ফুটবল খেলছে! দলের এই কঠিন সময়ে সমর্থন চাইলেন ব্রাজিলের নতুন সেনসেশন এনদ্রিক।

বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত পুরো ম্যাচে গোলের জন্য মাত্র ৭টি শট করতে পারে ব্রাজিল। এর মধ্যে ৩টি লক্ষ্যে থাকলেও উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রচেতকে চ্যালেঞ্জে ফেলতে পারেনি। একপর্যায়ে উরুগুয়ে ১০ জনের দল হয়ে গেলেও ব্রাজিল সেই সুযোগ নিতে ব্যর্থ হয়। গ্রুপ পর্বেও তারা কলম্বিয়া এবং কোস্টা রিকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল। একমাত্র জয় এসেছে প্যারাগুয়ের বিপক্ষে।

ব্রাজিলের এমন পারফরম্যান্সে বিদায়ের পর সমর্থকদের পাশাপাশি ফুটবলাররাও হতাশ। ম্যাচ শেষে সেই হতাশাই ফুটে উঠল ১৭ বছর বয়সী এনদ্রিকের কণ্ঠে, “ব্রাজিলকে আমরা সবসময় উঁচুতে রাখতে চাই। আমরা পরিশ্রম করতে থাকব এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেব। আমরা জানি, এখনের সময়টা কঠিন। তবে সকল ব্রাজিলিয়ানের সমর্থন পাওয়ার আশা রাখছি।”