রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে ইমরান বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ওই বৃদ্ধ নিহত হন। রবিবার (৭ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান বিশ্বাসের বাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরী গ্রামে। তিনি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতার মামা।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার বলেন, আমার মামা অসুস্থ ও  শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি রাস্তা দিয়ে এমনিতেই ঘুরে বেরাতেন। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রেন আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কা খেয়ে তিনি পাশেই পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোমনাথ বসু বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।