ক্লাস থেকে চলে যেতে বলায় শ্রেণিকক্ষের মধ্যেই শিক্ষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। শনিবার (৬ জুলাই) ভারতের আসামের শিবসাগর জেলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা।
নিহত ওই শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া বেজাওয়া (৫৫)। তিনি রসায়নের শিক্ষক। বেজাওয়া রসায়ন পড়ানোর পাশাপাশি বেসরকারি স্কুলটির ব্যবস্থাপনার দায়িত্বও পালন করতেন। খবর এনডিটিভির।
শনিবার (৬ জুলাই) শিক্ষক রাজেশ ওই ছাত্রকে (১৬) রসায়নে খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেছিলেন এবং তার বাবা-মাকে মিটিং এর জন্য স্কুলে আসতে বলেছিলেন। পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসে। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী বেজাওয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে।
শিক্ষার্থী বলেন, আমরা জানতাম না সে ছুরি নিয়ে ক্লাসে এসেছে। আমাদের শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার খুব রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।