সেই বাংলাদেশের বিপক্ষেই গিলেস্পির ফেরা

চট্টগ্রামে বাংলাদেশে বিপক্ষে টেস্ট ম্যাচটাই হয়ে আছে জেসন গিলেস্পির ক্যারিয়ারের শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার হয়ে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে পেস বোলার গিলেস্পি সেই ম্যাচে করেছিলেন ডাবল সেঞ্চুরি, তবুও আর তাকে দেখা যায়নি জাতীয় দলে।

গিলেস্পি এখন পাকিস্তানের টেস্ট দলের কোচ। প্রথমবারের মত কোনো টেস্ট মর্যাদার দলে প্রধান কোচ হিসেবে কাজ করছেন গিলেস্পি, দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিপক্ষ সেই বাংলাদেশ। আগস্টে দুটো টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, টেস্ট ম্যাচ দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজ দিয়েই নতুন অধ্যায় শুরু হবে গিলেস্পিরও।

রবিবার সংবাদ সম্মেলনে অংশ নেওয়া গিলেস্পি জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে তার অভিজ্ঞতার কথা, 'সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’ 

গিলেস্পির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। কাউন্টি দল সাসেক্স, অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়া, বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স , আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবসহ আরো বেশ কিছু দলে কোচিং করিয়েছেন সাবেক এই পেসার। পাকিস্তানের সঙ্গে তার চুক্তিটা ২ বছরের।