বিবৃতিতে মির্জা ফখরুল

শাসকগোষ্ঠী আরও বেসামাল জুলুমবাজ হয়ে উঠেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য। বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার স্বপ্ন জনগণ কখনোই পূরণ হতে দেবে না।’

গতকাল রবিবার বিকেলে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মারুফ হাসানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।’