ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। ১১৯ মিনিটে মাইকেল মেরিনো গোল করলে স্পেন ২-১ এ জয় পায়। উইম্বলডনে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়েও পরীক্ষায় পড়তে হল আলকারাজকে।
শেষ পর্যন্ত অবশ্য আলকারাজও উতরে গেছেন। উইম্বলডনের শেষ ষোলোতে আলকারাজ ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৫ গেমে হারান ফ্রান্সের ইগো আমবেহকে। ভাবতে পারেন, ফুটবলের সঙ্গে টেনিসের যোগসূত্রটা কোথায়! মিলটা খুঁজেছেন আলকারাজ নিজেই।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই সেট জিতলেও তৃতীয় সেটে আলকারাজকে বেশ ভুগতে হয়। ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে পরে ক্যামব্যাক করেন তিনি। আলকারাজ নিজে যেমন ফরাসি প্রতিপক্ষকে হারিয়েছেন। আশা করছেন, ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠবে তার দেশ স্পেন।
আলকারাজ বলেন, 'আমি যে ফলাফল পেলাম, আশা করি তারাও (স্পেন ফুটবল দল) এমন কিছু করবে। টেনিসে আমার কাজটুকু আমি করলাম। আশা ফুটবলেও স্প্যানিশ দল তাদের কাজটা করতে পারবে।'
তিন গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিশ তারকা জানালেন, ফুটবল দলের কয়েকজনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। 'প্রথমত, আমি স্পেনকে সমর্থন করছি, এটা তো স্পেন! দলের কয়েকজনের সঙ্গে আমার দারুণ সম্পর্কও আছে, বিশেষ করে আলভারো মোরাতার সঙ্গে। সে আমার খুব ভালো বন্ধু। এখন সময়টা তাদের পাশে থাকার, সমর্থন করার। আমি জানি, আমি যখন কোনো ম্যাচ বা টুর্নামেন্টে খেলি, তারা আমাকে সমর্থন করেন। এবার আমার পালা।'
আলকারাজ যেন স্পেন-ফ্রান্সের ম্যাচ দেখতে পারেন, তাই প্রার্থনা করছেন স্পেনের ফুটবল ম্যাচ আর উইম্বলডনে তার কোয়ার্টার ফাইনাল যেন একই সময়ে না পড়ে। 'আশা করি মঙ্গলবার আমাদের লড়াই দুটি একই সময়ে হবে না। দেখা যাক… আশা করি, ফুটবল ম্যাচের কিছুটা হলেও দেখতে পারব…।'