টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মুশতাক আহমেদকে। বিসিবি জানিয়েছিল টুর্নামেন্ট শেষে চুক্তি নবায়ন করা হবে। আগ্রহী ছিলেন পাকিস্তানের সাবেক এই স্পিনারও। কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশে না এসে মুশতাক ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক। তিনি যোগ দেবেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে। ইসিবির সঙ্গে স্বল্পমেয়াদি এই চুক্তির আওতায় তরুণ প্রতিভা খুঁজে বের করবেন।
ইংল্যান্ডের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান। ঐ সংবাদ মাধ্যমটিকে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমার সঙ্গে কোনো বোর্ড থেকেই যোগাযোগ করা হয়নি।’ তাহলে কি বাংলাদেশে আর তিনি ফিরবেন না?
তবে বিসিবির সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তির আগেই মুশতাক বলেছিলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজের কথা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে তার চুক্তিটা কতদিনের আমি সেটা বলতে পারব না। আমি জানি না পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে কিনা। আমরা তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য চেয়েছিলাম। তবে তিনি নিয়োগের আগেই জানিয়েছিলেন ডিসেম্বর পর্যন্ত তার ব্যস্ততা আছে। যার মধ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজের বিষয়টিও ছিল। তাই আমরা তার সঙ্গে প্রথমে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিলাম। তারপরে আমরা বসে এটি সমাধান করব।’
বিসিবি এখনও আশাবাদী ডিসেম্বর পর্যন্ত ব্যস্ততার মাঝেও মুশতাককে পাওয়া যাবে, ‘নবায়ন নিয়ে তার সঙ্গে আলোচনা এখনও চলছে। তিনি যদি আমাদের জানান যে তিনি তার পূর্ব ব্যস্ততার সঙ্গে মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত আমাদের জন্য কত দিন সময় দিতে পারবেন, আমরা তাকে সেই দিনগুলির জন্য নিয়োগ দেব। ২০২৪ সালের ডিসেম্বরের পর মুশতাকের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি হবে।’
মুশতাকের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল এই ইংল্যান্ড থেকেই। ২০০৮ সালে জাতীয় দলের বোলিং কোচ হয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন ২০১৪ সাল পর্যন্ত। তার সময়ে ইংলিশ ক্রিকেটার গ্রায়েম সোয়ান স্পিন দিয়ে ক্রিকেটে রাজত্ব করেছিলেন।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সেই সিরিজই মুশতাকের প্রথম অ্যাসাইনমেন্ট।