দেশ জুড়ে চলছে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচির আওতায় আজ সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, বাংলামোটর ও কারওয়ানবাজারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে রাজধানী জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
যানজটে আটকা পড়েছেন বাইকাররাও। দীর্ঘক্ষণ আটকে থাকা অনেক বাইকার শিক্ষার্থীদের অবরোধ উপেক্ষা করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে বাইক চালকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। অনেক বাইকার অসুস্থ রোগীর কথা বলে যাত্রীদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখন শিক্ষার্থীরা তাদের কাছে প্রেসক্রিপশন দেখতে চাচ্ছেন। তখনি শিক্ষার্থীদের সঙ্গে অনেক বাইকারের বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে বাংলামোটর মোড়ে এক ঘণ্টা ধরে অপেক্ষারত বাইকার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আন্দোলন করেন কিন্তু আমাকে খেতে দেন। এ কথার পরেই শিক্ষার্থীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। শিক্ষার্থীরা বলেন, আমরাও না খেয়ে আন্দোলন করে যাচ্ছি।
বিষয়টি নিয়ে আব্দুল আউয়াল নামের এক বাইকার দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘ ১ ঘণ্টা ধরে বাংলামোটর মোড়ে বসে আছি। যাত্রীকে নিয়ে শাহবাগ যাওয়ার কথা কিন্তু যেতে পারিনি। এ আন্দোলনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।