নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ২০২১ সালের ৮ জুলাই হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫৪ শ্রমিক নিহত হয়ে পুরো দেশে স্তব্ধ হয়ে যায়। ভয়াবহ ওই অগ্নিকান্ডের ঘটনার তিন বছর পূর্ণ হলো। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। প্রতি বছরই নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান করে কারখানা কর্তৃপক্ষ। এবারও গতকাল সোমবার দুপুরে মালিকপক্ষের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাসেম ফুড লিমিটেড কারখানার উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক ইব্রাহীম, তৌসিব ইব্রাহীম, জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, এজিএম ক্যাপ্টেন মামুনুর রশিদসহ কারখানা কর্তৃপক্ষসহ নিহতদের স্বজনরা।
হাসেম ফুড কারখানার এজিএম ক্যাপ্টেন মামুনুর রশিদ বলেন, শ্রমিকরা আমাদের সন্তানের মতো। এই দিনটি আসলে আমাদের অনেক কষ্ট হয়। এই দিনে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। ঘটনার পর থেকেই নিহত শ্রমিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠানো, স্বজনদের খোঁজখবর নেওয়া, আর্থিকভাবে, নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দিয়ে সহযোগিতা করা অব্যাহত রয়েছে। তিন বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ৮ জুলাই সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনায় ৫৪ জন শ্রমিক নিহত হন। এ ছাড়া আরও প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ২৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় তৎকালীন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। সে মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। পরবর্তীতে ২০২৩ সালে আদালত অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থাটি। তবে, মামলা থেকে বাদ দেওয়া হয় আবুল হাসেমসহ তার ছেলেদের।