প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিগত দেড় দশকে জাতি হিসেবে অর্জনের ঝুলি সমৃদ্ধ হলেও দুর্নীতির অতল বিস্মৃত ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারিনি। উন্নয়নের সুফলগুলো দুর্নীতির চোরাবালিতে তলিয়ে যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ কার্যক্রমের আওতায় ‘দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা হয়। প্রধান বিচারপতি এ সময় আদালত অঙ্গনে কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষা, জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তির বিপ্লব এ রকম নানা মাত্রায় আমরা অসামান্য সাফল্য অর্জন করেছি। কিন্তু একই সঙ্গে স্বীকার করতে হবে, দুর্নীতির মতো অতল বিস্মৃত ব্যাধি থেকে আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। আমাদের উন্নয়নের সুফলগুলো দুর্নীতির চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। আমাদের উজ্জ্বল অর্জনগুলো দুর্নীতির অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘এই দুর্নীতি আমাদের জন্য একদিকে যেমন কলঙ্কের ও অপমানের, তেমনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায়। আমাদের সুবিধাবোধের উন্মেষের পথে বৃহত্তম প্রতিবন্ধক।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. হারুন-অর- রশিদ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান।